চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ছদ্মবেশে আত্মগোপনে থাকা এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ শাহ আলম (৩৫)। তিনি মোঃ শফিকুল আলমের ছেলে এবং শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়া গ্রামের বাসিন্দা।
রোববার (১৫ মার্চ ২০২৬) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার মুসলিমপুর এলাকার একটি আমবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মোঃ শাহ আলমের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালত কর্তৃক জারি করা মোট ৪টি জিআর (জেনারেল রেজিস্টার) ওয়ারেন্ট এবং ১টি জিআর সাজার পরোয়ানা রয়েছে। এসব মামলায় গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার এসআই পিয়ারুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট ছিল। তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









