বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিপু ভুঁইয়ার

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১০:০৮ পিএম

আপডেট: ১৮ মার্চ ২০২৬, ১০:০৮ পিএম

মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিপু ভুঁইয়ার

মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এ ঘোষণার পর থেকে পুলিশ ও নেতাকর্মীদের সহযোগিতায় ছোট বড় মিলিয়ে প্রায় শতাধিক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক।

জানা গেছে, নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নির্বাচনকালীন সময়ে দিপু ভুঁইয়া অন্যান্য সমস্যার মাঝে মাদক নির্মূলে জিরো টলারেন্সের ঘোষণা দেন। নির্বাচনে জয়ের পরই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কাজ শুরু করে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও চান তিনি।

এরই পরিপ্রেক্ষিতে থানা পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় গত ১ মাসে ছোট বড় মিলিয়ে প্রায় শতাধিক মাদককারবারিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। এতে সাধারণ মানুষের মাঝে বেশ প্রশংসায় ভাসছেন দিপু ভুঁইয়া।

স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ বলেন, নির্বাচনের আগে বিগত আমলে এমন অনেক শুনেছি, তবে কাজে কর্মে পাইনি। এবারের সংসদ দিপু ভুঁইয়া যেভাবে ঘোষণা দিয়েছেন সেভাবেই কাজ শুরু করেছেন। ওনার নেতাকর্মীদের বলে দিয়েছেন মাদকের সঙ্গে যাদের সংশ্লিষ্টতা রয়েছে, তাদেরকেও যেন সবার আগে গ্রেপ্তার করা হয়। এটা সত্যি প্রশংসনীয় কাজ।

আব্দুল মতিন নামের আরেক বাসিন্দা বলেন, আমরা চাই দিপু ভুঁইয়া যেমন এখন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তার এ প্রতিশ্রুতি যেন নষ্ট না হয় সেদিকে যেন নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের খেয়াল রাখতে হবে। এতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর একটা সমাজ পাবে। দিপু ভুঁইয়ার এ কাজ নিঃসন্দেহে ভালো কাজ। এমন কাজকে সাধুবাদ জানাই।

রূপগঞ্জ থানার ওসি সাবজেল হোসেন বলেন, গত ১ মাসে স্থানীয় সংসদ সদস্য দিপু ভুঁইয়ার নির্দেশনায় ও সর্বসাধারণের সহযোগিতায় বিপুল পরিমাণ মাদকসহ শতাধিক মাদক কারবারিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও মাদক কারবারিদের সঙ্গে সখ্যতা থাকায় আমাদের ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মাদকের সঙ্গে যেই জড়িত থাকুক কোনো ছাড় দেওয়া হবে না।

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া বলেন, আমার অনেকগুলো প্রতিশ্রুতির মাঝে মাদক নির্মূলও ছিল। সে লক্ষ্যে আমি প্রশাসন ও আমার নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছি। বেশ ভালো সাড়া পেয়েছি। বিগত আওয়ামী ফ্যাসিস্টের এমপি আমাদের রূপগঞ্জবাসীর মাঝে মাদক এমনভাবে ছড়িয়ে দিয়েছে, যা আমাদের সমাজকে নষ্টের দারপ্রান্তে নিয়ে গিয়েছিল।

তিনি আরো বলেন, আমি যতদিন রূপগঞ্জবাসীর সেবায় নিয়োজিত থাকবো ততদিন মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে। আমি রূপগঞ্জের মানুষের কাছে অনুরোধ করবো আপনারা সবাই সহযোগিতা করলে মাদকমুক্ত করতে পারব রূপগঞ্জকে।

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.