বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরের মঠবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল।
বুধবার (১৮ মার্চ) মঠবাড়িয়ার শহীদ মোস্তফা খেলার মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। এছাড়া বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বুঝেশুনে ঈমানের সাথে বিএনপি করতে হবে। প্রথমে প্রত্যেকটি পরিবারে বিএনপির কমিটি গঠন করতে হবে। পরিবারের সদস্যদের বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য বুঝাতে হবে। নিজে করবে বিএনপি, স্ত্রী ও ছেলেমেয়ে করবে অন্য দল। এ ধরণের বিএনপি আমরা চাই না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলাল।
এ সময় বক্তারা বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার রুহের মাগফিরাত কামনায় সকলকে দোয়া করার আহ্বান জানান তারা।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









