নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযানে বড় ধরনের সাফল্য অর্জন করেছে পুলিশ। অভিযান চালিয়ে দেড় মণ গাঁজা ও সাড়ে চার শতাধিক ফেনসিডিলসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় রূপগঞ্জ থানার তিন পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) ভোরে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ির টেক এলাকায় অভিযান চালিয়ে ঝোপঝাড় ও ইরি ধানক্ষেত থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন—রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন আহমেদ এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহসানুল্লাহ ও নাদিরুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজেল হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লাভরাপাড়া ও ঠাকুরবাড়ির টেক এলাকাকে কেন্দ্র করে মাদক সিন্ডিকেট সক্রিয় ছিল। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ বস্তা গাঁজা ও সাড়ে চার শতাধিক ফেনসিডিল উদ্ধার করা হয়।
একই সময়ে পৃথক অভিযানে ম্যাগাজিনসহ একটি পিস্তল, মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং চিহ্নিত মাদক সম্রাট আবু হানিফকে তার এক সহযোগীসহ গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জি সার্কেল) মেহেদী ইসলাম সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের তথ্য সহায়তায় গত দুই সপ্তাহে বিপুল পরিমাণ মাদক উদ্ধার সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, “মাদকের সঙ্গে কোনো আপস নেই। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধেও সম্পৃক্ততার অভিযোগ উঠলে তা কঠোরভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যেই তিনজনকে শাস্তিমূলকভাবে প্রত্যাহার করা হয়েছে।”
গ্রেফতার হওয়া আবু হানিফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “তার দেওয়া তথ্য যাচাই করে মাদক সিন্ডিকেটের অন্যান্য ঘাঁটিতেও ধারাবাহিক অভিযান চালানো হবে।”
এদিকে, মাদক উদ্ধারের পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠায় ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, মাদক সিন্ডিকেটের মূল হোতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হলে রূপগঞ্জে মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









