পটুয়াখালীর পায়রা নদীর ওপর নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সেতুটি নির্মিত হলে বরিশাল থেকে দুমকি হয়ে বাউফলসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে দুমকি-বাউফল সড়কের সংযোগস্থল রাজাখালী প্রস্তাবিত গোলচত্বর এলাকায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী। এ সময় বরিশাল-৬ আসনের সংসদ সদস্য মো. আবুল হোসেন খান, জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, প্রায় ১ হাজার ২৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ সেতুর দৈর্ঘ্য হবে ১ হাজার ৩৮০ মিটার। এর মধ্যে মূল সেতু হবে স্টিল টায়েড আর্চ (৪২০ মিটার) এবং ভায়াডাক্ট অংশ হবে প্রি-স্ট্রেসড আই-গার্ডার (৯৬০ মিটার)।
এছাড়া ৩ দশমিক ২৯ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক নির্মাণ, টোল প্লাজা স্থাপন, ওয়েইব্রিজ নির্মাণ এবং নদীতীর সংরক্ষণ কাজ প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে।
প্রকল্পটি সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হচ্ছে এবং চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন নির্মাণকাজ পরিচালনা করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









