ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে ইমন (১৮) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার খুরশীদমহল ব্রিজের নিচে নৌ পুলিশ ও পাগলা ও হোসেনপুর থানার যৌথ উদ্যোগে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইমন হোসেনপুর পৌরশহরের মীরপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী মাসুদ আহম্মেদের ছেলে। তার “সুর্বণা জুয়েলার্স” নামে একটি স্বর্ণের দোকান আছে। ইমনের বড় ভাই লিমনও একজন স্বর্ণ ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নদীর তীরে একজনের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা এসে লাশ সনাক্ত করেন। লাশের আশেপাশে রক্ত দেখা যায় এবং নিকটে ইমনের জুতা পড়ে ছিল। পুলিশের ধারণা, অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা ইমনকে নির্জন স্থানে হত্যা করে নদীতে ফেলে যায়।
ইমনের মা বলেন, “আমার ছেলের কোনো শত্রু নেই। আমাদের পরিবার সবাই ব্যবসায়ী। রাত পর্যন্ত সে দোকানে ছিল। সকালে বাড়িতে না ফেরায় আমরা বিভিন্ন জায়গায় খুঁজছিলাম।”
পাগলা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “ইমনের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রহস্য উদঘাটনের তদন্ত চলছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









