হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাত ৯টায় জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে র্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত অপহরণকারীর নাম মোঃ রনি মিয়া (২০)। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কালিকৃষ্ণনগর গ্রামের মোঃ সোহেল মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ভিকটিম মাধবপুর উপজেলার একটি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। তার বাবা দুবাই প্রবাসী।
ভিকটিম বিদ্যালয়ে যাতায়াতের সময় প্রায়শই রনি মিয়া তাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিত। বিষয়টি ভিকটিম তার দাদুকে জানালে ভিকটিমের দাদু রনির অভিভাবককে অবগত করেন, তবে তারা কোনো করণীয় নেননি। পরে দাদু এলাকায় গন্যমান্য ব্যক্তিদের কাছে নালিশ দিলেও রনির পরিবার বিচার বা সালিশের প্রতি কোনো মনোযোগ দেয়নি। এতে ক্ষিপ্ত হয়ে রনি ২২ ফেব্রুয়ারি দুপুরে ভিকটিমকে স্কুল থেকে বাড়িতে যাওয়ার পথে সহযোগীদের নিয়ে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের দাদা হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনার জন্য র্যাব ছায়া তদন্ত শুরু করে।
এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ র্যাব-৯, সিপিসি-৩ এবং ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১ যৌথ অভিযান চালিয়ে সোমবার রাত ৯টায় বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আবদুল্লাপুর গ্রাম থেকে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করে। পরে তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









