পটুয়াখালীর বাউফল উপজেলায় অবৈধভাবে পাচারের সময় বিপুল পরিমাণ সন্দেহজনক পপি বীজ জব্দ করেছে পুলিশ।
বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার কালাইয়া বন্দর সংলগ্ন ধানহাট এলাকা থেকে একটি ট্রলার ও ট্রাকসহ প্রায় ৮শ বস্তা জব্দ করা হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্র জানায়, রাতে কালাইয়া ধানহাট এলাকার একটি খালে নোঙর করা ট্রলার থেকে ট্রাকে বস্তা তোলা হচ্ছিল। কয়েকটি বস্তায় সুপারি থাকলেও অন্য বস্তাগুলোতে অস্বাভাবিক ছোট দানার মতো কিছু দেখে শ্রমিকদের সন্দেহ হয়। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে সেখানে লোকজন জড়ো হয়।
একপর্যায়ে কয়েকটি বস্তা খুলে দেখা যায়, ভেতরে পপি বীজের মতো দানা রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলার ও ট্রাকসহ পুরো চালানটি জব্দ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারের চালক শুরুতে বস্তাগুলোতে সুপারি রয়েছে বলে দ্রুত খালাসের নির্দেশ দেন। কিন্তু কিছু শ্রমিক বস্তার ভেতরের বিষয়ে জানতে চাইলে তিনি তাদের চুপ থাকতে বলেন। এতে সন্দেহ আরও বাড়ে এবং পরে বিষয়টি প্রকাশ পায়।
ঘটনার পর থেকেই ট্রলারের চালক ও সংশ্লিষ্টরা পালিয়ে গেছেন। এ ঘটনায় কালাইয়া বন্দরের সিনেমা হল রোড এলাকার বাসিন্দা উত্তম দাসের নাম উঠে এসেছে বলে জানা গেছে।
একাধিক সূত্র দাবি করছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সমুদ্রপথে মিয়ানমার ও ভারত সীমান্তবর্তী এলাকা থেকে পপি বীজসহ বিভিন্ন মাদকদ্রব্য এনে বাউফলের বিভিন্ন পয়েন্টে খালাস করে এবং পরে সড়কপথে দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে।
এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, “জব্দ করা বস্তাগুলোতে আসলেই পপি বীজ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। রিপোর্ট হাতে পেলেই বিস্তারিত জানা যাবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









