পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে গাজীপুর মহানগরীর বিভিন্ন রিসোর্ট, শুটিং স্পট ও পিকনিক স্পটে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
ঈদের দিন বিকেল থেকেই পরিবার-পরিজন ও আত্মীয়স্বজন নিয়ে ঘুরতে আসা মানুষের ঢল নামে এসব বিনোদনকেন্দ্রে।
শনিবার (২১ মার্চ) গাজীপুরের পুবাইল এলাকার বিভিন্ন রিসোর্ট ঘুরে দেখা যায়, প্রায় সবগুলোতেই তিল ধারণের ঠাঁই নেই। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের ছুটি ও আনন্দ ভাগাভাগি করতে এসব স্থানে ভিড় জমিয়েছেন। বিশেষ করে পুবাইল এলাকায় রিসোর্টের সংখ্যা বেশি হওয়ায় এখানে দর্শনার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
পুবাইলের খিলগাঁও এলাকার আপন ভূবন রিসোর্টের তত্ত্বাবধায়ক রানা মোল্লা বলেন, “দুপুরের পর থেকেই আমাদের রিসোর্টে দর্শনার্থীরা আসতে শুরু করেন। বর্তমানে প্রচুর মানুষ অবস্থান করছেন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। যাতে কেউ কোনো ধরনের ইভটিজিং বা সমস্যার সম্মুখীন না হন, সে বিষয়ে স্থানীয় থানা পুলিশও আমাদের সহযোগিতা করছে।”
ঘুরতে আসা দর্শনার্থী আনিসুর রহমান জানান, “কর্মব্যস্ত জীবনের মাঝে ঈদের ছুটিতে একটু সুযোগ পেয়ে পরিবার-পরিজন নিয়ে এখানে এসেছি। খুব ভালো লাগছে। আশা করি সবাই আনন্দ উপভোগ করছেন।”
এ বিষয়ে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “পুবাইল এলাকায় অনেকগুলো রিসোর্ট রয়েছে। ঈদের সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং দর্শনার্থীরা নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারেন, সে জন্য থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
ঈদের আনন্দকে কেন্দ্র করে গাজীপুরের রিসোর্টগুলো যেন পরিণত হয়েছে মিলনমেলায়, যেখানে হাসি-আনন্দে মেতে উঠেছেন নানা বয়সী মানুষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









