শাহজাদপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা
সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদ বোনাসের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যুববকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।
উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাতৈল গ্রামের আজাদ মন্ডলের ছেলে সোহেল রানা(২৪) কে শুক্রবার (২০ মার্চ) রাত পৌনে ৮টার দিকে একদল যুবক হত্যার পর লাশ ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে গেছে।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) দুপুরের দিকে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে মুরুটিয়া-চিনাধুকুরিয়া গ্রামের মাঝে একটি ইরি ধান ক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধার করে। এর পর ময়না তদন্তের জন্য নিহতের লাশ সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে নিহত সোহেলের মা রুবি খাতুন জানান, রাত পৌনে ৮টার দিকে সোহেলের ফোনে বারবার কল আসে। এ সময় সোহেল বাড়ি থেকে বের হতে চাইলে তিনি বাধা দেন। এর কিছু সময় পর কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ঈদ বোনাস দিবে বলে ৪/৫ জন যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। তার মোবাইল ফোন বন্ধ পেয়ে বাড়ির লোকজন অনেক খোজাখুজি করেও তাকে পায়নি।
ঈদের দিন শুক্রবার (২১মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা ইরিক্ষেতে লাশ পরে থাকতে দেখে খবর দিলে নিহতর মা ঘটনাস্থলে ছুটে গিয়ে তার ছেলে বলে সনাক্ত করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে । নিহতর মা বলেন, কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ঈদ বোনাস দেওয়ার কথা বলে তার ছেলেকে ডেকে নিয়ে গেছে। এরপর পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে দিয়েছে। এই হত্যার সাথে সাইফুল ছাড়াও যারা বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে তারাও জড়িত আছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে নিহত সোহেলের দূর সম্পর্কের নানা শহিদুল ইসলাম, নানি রহিমা খাতুনও প্রতিবেশিরা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি করেন।
এদিকে কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে বিএনপি নেতা সাইফুলের ছোট ভাই আসাদুজ্জামান দাবি করেন, তার ভাই এ ঘটনার সাথে জড়িত না। তাকে শক্রতা করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, নিহতের মা রুবি খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, এ ঘটনার সাথে যারা জড়িত তাদের খুজে বের করে অবিলম্বে আইনের আওতায় আনা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









