গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকায় নিম্নমানের রাস্তা নির্মাণের অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করা হয়েছে এবং ঘটনাটি তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (২৩ মার্চ) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকায় ক্ষতিগ্রস্ত ধনঞ্জয় সড়ক পরিদর্শন শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে রাস্তার নিম্নমানের কাজের বিষয়টি প্রচারিত হলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নজরে আসে। তিনি বিষয়টি আমাকে হোয়াটসঅ্যাপে অবহিত করলে আমি সরেজমিনে পরিদর্শনে আসি।’
তিনি আরও জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকার ধনঞ্জয় এলাকার রাস্তাটি ২২ কোটি টাকার প্রকল্পকে দুটি ভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে একটি ভাগে ১২ কোটি টাকার মধ্যে ৬ কোটি টাকা ঠিকাদার কে পরিশোধ করা হয়েছে। গত দুই দিন ধরে মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে নিম্নমানের নির্মাণ কাজের প্রমাণ পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান ও এই কাজের পিডি হারুন উর রশিদকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।
মন্ত্রী বলেন, ‘এ ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমান হেলাল কে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, কমিটির বাকি সদস্যরা হলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফিজুল্লাহ খান, গাজীপুর সিটি কর্পোরেশনের সিইও সোহেল হাসান, বুয়েটের একজন প্রতিনিধি, সড়ক ও জনপদ বিভাগের একজন ডিজাইনার, এল.জি.ই. ডি'র একজন প্রতিনিধি এবং স্থানীয় সরকার উপসচিব মোহাম্মদ রবিউল ইসলাম কে সদস্য সচিব করা হয়েছে। কমিটি আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবেন।
তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে নির্মাণকাজে কঠোর নজরদারি নিশ্চিত করা হবে এবং জনগণের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব শহিদুল হাসান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, স্থানীয় সরকারের অতিরিক্ত সচিব, আতাউর রহমান খান হেলাল, যুগ্ম সচিব হাফিজুল্লাহ খান, গাজীপুর সিটি কর্পোরেশনের সি ই ও সোহেল হাসান, গাজীপুর জেলা প্রশাসক নুরুল কবির ভূইয়া, স্থানীয় সরকারের উপ-সচিব রবিউল ইসলাম সহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সর্বোচ্চ প্রতিনিধি দলের সদস্যরা।
উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকায় উদ্বোধনের আগে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়ক দেবে যাওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









