গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামানের যোগদান উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেবনাথ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান এবং গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহম্মেদ।
অনুষ্ঠানের শুরুতেই নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় বক্তারা নবনিযুক্ত প্রশাসকের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতার কথা তুলে ধরে জেলার উন্নয়নে তার ভূমিকার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান বলেন, গোপালগঞ্জ আমার প্রাণের জেলা। এই জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”
তিনি আরো বলেন, স্বাধীনতার মাসে জেলা পরিষদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান জানানো হবে।
তিনি জেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে জানান, একটি আধুনিক ও বাসযোগ্য গোপালগঞ্জ গড়ে তোলাই তার মূল লক্ষ্য। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, “গোপালগঞ্জকে একটি পরিকল্পিত ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরো বলেন, জেলার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা চাই গোপালগঞ্জ-২ আসন একটি মডেল আসনে পরিণত হোক, যেখানে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে নবনিযুক্ত প্রশাসকের সফলতা কামনা করেন এবং জেলার সার্বিক উন্নয়নে তাকে সহযোগিতার আশ্বাস দেন। তারা বলেন, জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন প্রশাসকের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে নবনিযুক্ত প্রশাসকের সাথে উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও অতিথিরা শুভেচ্ছা বিনিময় করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









