বাংলাদেশ বর্ডার গার্ড কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় এলএসডি, ফেয়ারডিল সিরাপ এবং অবৈধ ওষুধের বড় চালান, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি ২৬ লক্ষ ৮০ হাজার ৫৮৫ টাকা।
মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে পৃথক দুটি অভিযানে সীমান্তবর্তী মুন্সিগঞ্জ মাঠ ও প্রাগপুর নদীর ঘাট এলাকা থেকে বিজিবির টহল দল বিপুল পরিমাণ ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ফেয়ারডিল সিরাপ এবং পাতার বিড়ি জব্দ করে। অভিযানে আশ্রায়ন বিওপি এবং প্রাগপুর বিওপির টহল দলের সদস্যরা অংশ নেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল মিরপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালায়।
এসময় রাজশাহী থেকে ঢাকাগামী ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এলএসডির মূল্য প্রায় ৬ কোটি ২৪ লক্ষ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবি সবসময় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









