তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার কাঠামো নতুনভাবে সাজাতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, ইউনিয়নেই প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের ভোগান্তি যেমন কমবে, তেমনি উপজেলা ও জেলা হাসপাতালগুলোর ওপর চাপও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. জিয়া হায়দার বলেন, প্রতিটি ইউনিয়নে একটি করে সমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উদ্যোগের দিকনির্দেশনা এসেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে।
পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিটে একজন চিকিৎসক ছাড়াও উপ-সহকারী, মিডওয়াইফ, নার্স, ল্যাব টেকনিশিয়ান ও ফার্মাসিস্ট থাকবেন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারে তিনটি ‘হাব’ গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করবে।
ড. হায়দার জানান, ইউনিয়ন পর্যায়ে চিকিৎসা সম্ভব না হলে রোগীদের ধাপে ধাপে উপজেলা বা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে। একই সঙ্গে বিদ্যমান স্বাস্থ্যকর্মীদের একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে বাড়ি বাড়ি গিয়ে সেবা দেওয়ার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
পরিদর্শনের সময় তিনি হাসপাতালের জরুরি বিভাগ, নারী ও শিশু ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। রোগী ও স্বজনদের কাছ থেকে চিকিৎসকদের আন্তরিকতার প্রশংসা শোনা গেলেও শয্যা সংকট, ওষুধের ঘাটতি ও পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষের কথাও উঠে আসে।
এসব বিষয় গুরুত্বের সঙ্গে নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি। পরে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, জনবল সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যখাতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









