গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে বরিশালে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।
বরিশালের জেলা প্রশাসক খাইরুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কালরাত্রির স্মৃতিচারণ করে বলেন, সেই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর নির্মম গণহত্যা চালায়, যা ইতিহাসে “অপারেশন সার্চলাইট” নামে পরিচিত। এই গণহত্যা বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামকে আরও বেগবান করে এবং পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।
বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও স্বাধীনতার মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একই সঙ্গে দেশকে এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









