পটুয়াখালীর বাউফল উপজেলায় মেঘনা নদীর মোহনায় যাত্রীবাহী একটি লঞ্চের প্রচণ্ড ধাক্কায় তরমুজবোঝাই একটি ট্রলার ডুবে ২ জন শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ মার্চ) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে বগা ইউনিয়নের বামনিকাঠি লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ ‘এমভি প্রিন্স আওলাদ-৭’ দ্রুতগতিতে পটুয়াখালীর দিকে যাচ্ছিল। এসময় লঞ্চটি সামনের দিকে থাকা একটি তরমুজবাহী ট্রলারকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রলারটি উল্টে গিয়ে নদীতে তলিয়ে যায়।
ট্রলারে থাকা শ্রমিকরা জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেও তরমুজের স্তূপ ও ট্রলারের নিচে পড়ে ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। পরে তাকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিক তথ্যানুযায়ী, নিহত দুইজনের বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায়। তারা পেশায় দিনমজুর এবং ট্রলারে তরমুজ নিয়ে যাচ্ছিলেন।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ গভীর দুঃখ প্রকাশ করেছেন।
তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে লেখেন, “বাউফলের বগা বামনিকাঠি এলাকায় ভোররাতে এমভি প্রিন্স আওলাদ-৭ এর ধাক্কায় যে দুর্ঘটনাটি ঘটেছে, তা অত্যন্ত বেদনাদায়ক এবং অপ্রত্যাশিত। এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা এবং আমি আহত ভাইটির দ্রুত সুস্থতা কামনা করছি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)”
এমপি ড. মাসুদের নির্দেশে দ্রুত একটি প্রতিনিধি দল দুর্ঘটনাস্থলে পাঠানো হয়। প্রতিনিধি দলটি বর্তমানে দুর্ঘটনাস্থলে অবস্থান করে উদ্ধারকাজ পর্যবেক্ষণ করছে এবং নিহতদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছে। তারা স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার লক্ষে কাজ করছেন।
স্থানীয়দের অভিযোগ, ভোরে লঞ্চগুলো বেপরোয়া গতিতে চলাচল করার কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে, যা আজ বড় বিপর্যয়ে রূপ নিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









