সরকারি প্রটোকল ভেঙে কবরস্থানে নেমে এক ব্যক্তির মরদেহ দাফনে অংশ নিয়ে প্রশংসায় ভাসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শুক্রবার নান্দাইল উপজেলার উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে ফেরার পথে সড়কের পাশে দাফন কাজ চলতে দেখে গাড়ি থামিয়ে কবরে নেমে দাফন কাজে অংশ নেন।
প্রতিমন্ত্রীর এমন কাজের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।
শুক্রবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে দুটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে উপজেলা সদরে ফিরছিলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে দুটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে দলীয় নেতাকর্মী ও সরকারি প্রটোকলসহ উপজেলা সদরে ফিরছিলেন প্রতিমন্ত্রী। ফেরার পথে হঠাৎ তার নজরে আসে সড়কের পাশেই একটি কবরস্থানে এক ব্যক্তির মরদেহ দাফন করা হচ্ছে। বিষয়টি দেখা মাত্রই তিনি তার গাড়ি বহর থামানোর নির্দেশ দেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির বলেন, সরকারি প্রটোকল উপেক্ষা করে একজন মন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দাফন কাজে সরাসরি অংশ নিতে দেখে আমরা অভিভূত হয়েছি। এটি বর্তমান সময়ে এক বিরল দৃশ্য।
জাহাঙ্গীরপুর ইউনিয়নের সাধারণ বাসিন্দারা বলছেন, পদের জৌলুস ভুলে মরদেহের পাশে দাঁড়ানোর এই মানবিক আচরণ সমাজের উচ্চপর্যায়ের ব্যক্তিদের জন্য একটি বড় বার্তা। দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সবার সাথে মোনাজাতেও অংশ নেন ইয়াসের খান চৌধুরী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









