পবিত্র ঈদুল ফিতর ঘিরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিল রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় প্রথমবারের মতো চালু হওয়া ট্রেনযাত্রী সহায়তা কার্যক্রম শেষ হয়েছে ৯ দিনব্যাপী সফল বাস্তবায়নের মধ্য দিয়ে।
গত ২০ মার্চ রাজশাহী রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হয় এই কার্যক্রম, যা চলেছে ২৮ মার্চ পর্যন্ত। ঈদের আগে ও পরে স্টেশনে আগত ও প্রস্থানকারী যাত্রীদের সুবিধার্থে প্রতিদিন তিনটি শিফটে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করেছে মোট ৩৬ জন শ্রমিক। এই সেবার আওতায় যাত্রীদের ভারী লাগেজ বহন, ট্রেনে ওঠানামায় সহায়তা এবং স্টেশনে সম্ভাব্য হয়রানি প্রতিরোধে কাজ করেছে সিটি কর্পোরেশনের কর্মীরা। রেলওয়ে কর্তৃপক্ষের পাশাপাশি এই উদ্যোগ যাত্রীদের যাত্রাকে করেছে অনেক বেশি স্বস্তিদায়ক।
যাত্রীদের অভিজ্ঞতায় উঠে এসেছে সন্তুষ্টির কথা। ঈদ শেষে ঢাকায় কর্মস্থলে ফেরা যাত্রী আলমগীর হোসেন বলেন, পরিবারের সদস্যদের নিয়ে একাধিক ব্যাগ সামলাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। এমন সময় রাসিক কর্মীরা এগিয়ে এসে তার সব লাগেজ ট্রেনে তুলে দেন, যা তার জন্য বড় সহায়তা হয়ে দাঁড়ায়।
বেসরকারি চাকরিজীবী সুমি খাতুন বলেন, বিনামূল্যে এমন সেবা সত্যিই প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে। আরেক যাত্রী সাইফুল ইসলাম জানান, কর্মীদের পারিশ্রমিক দিতে চাইলে তারা তা গ্রহণ করেননি। বরং প্রশাসকের নির্দেশে বিনামূল্যে সেবা দেওয়ার কথা জানান। এতে তিনি মুগ্ধ হয়ে রাসিক প্রশাসককে ধন্যবাদ জানান।
এ বিষয়ে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “আমরা প্রশাসক নই, জনগণের সেবক হিসেবে কাজ করছি। ঈদকে সামনে রেখে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হয়েছে। ভবিষ্যতে এর প্রয়োজনীয়তা, জনচাহিদা এবং লাইসেন্সধারী কুলিদের সঙ্গে কোনো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা এসব বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
সার্বিকভাবে, ঈদযাত্রায় যাত্রীদের পাশে দাঁড়িয়ে মানবিক ও জনবান্ধব উদ্যোগ হিসেবে রাসিকের এই কার্যক্রম ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









