বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

উল্লাপাড়ায় নষ্ট হচ্ছে ৫৫ কোটি ৮৩ লাখ টাকার সরকারি সম্পদ

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৬:৩০ পিএম

আপডেট: ২৮ মার্চ ২০২৬, ০৬:৩০ পিএম

উল্লাপাড়ায় নষ্ট হচ্ছে ৫৫ কোটি ৮৩ লাখ টাকার সরকারি সম্পদ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা–বগুড়া মহাসড়কের হাটিকুমরুল–পাঁচলিয়া এলাকায় নির্মিত ৫৫ কোটি ৮৩ লাখ টাকার আধুনিক ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগার পাঁচ বছর পার হলেও এখনো কার্যক্রম শুরু হয়নি।

নিরাপত্তাহীনতার কারণে স্থাপনার অধিকাংশ মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। বর্তমানে অবশিষ্ট কাঠামো পরিত্যক্ত অবস্থায় থাকায় এটি মাদকাসক্ত ও অসামাজিক কর্মকাণ্ডের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ভবনের চারপাশে ছড়িয়ে আছে ভাঙা কাঁচ ও নির্মাণসামগ্রী। যেখানে আধুনিক সুবিধা থাকার কথা ছিল, সেখানে এখন বিরাজ করছে নীরবতা ও অবহেলা। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর এলাকাটি অনিরাপদ হয়ে ওঠে এবং মাদকাসক্তদের আনাগোনা বেড়ে যায়।

প্রকল্পটি ২০১৯ সালে দেশের চারটি মহাসড়কে ট্রাকচালকদের নিরাপদ বিশ্রামের উদ্দেশ্যে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)-এর উদ্যোগে শুরু হয়। পাঁচলিয়ার ১৩ দশমিক ৫৬ একর জমিতে ২০২০ সালের ২১ মে কাজ শুরু হয়। পরে ওবায়দুল কাদের ১৫ অক্টোবর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৪২ কোটি ৮০ লাখ ৪৫ হাজার টাকা, যা পরে অতিরিক্ত কাজের কারণে ৫৫ কোটি ৮৩ লাখ টাকায় উন্নীত হয়। প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল ট্রাকচালকদের নিরাপদ বিশ্রাম, শয়নকক্ষ, গোসলখানা, শৌচাগার, ক্যান্টিন, নামাজঘর, প্রাথমিক চিকিৎসা, গাড়ি মেরামতের ওয়ার্কশপ ও বিদ্যুৎ সরবরাহের সুবিধা নিশ্চিত করা।

স্থানীয় ট্রাকচালকরা অভিযোগ করেছেন, রাতের বেলায় রাস্তার পাশে গাড়ি রেখে বিশ্রাম নিতে হয়। এতে মালামাল চুরি ও ডাকাতির ঘটনা প্রায়ই ঘটে। গাজীপুর থেকে আসা চালক আব্দুল কাদের বলেন, “মহাসড়কের পাশে এত বড় প্রকল্প উদ্বোধনের আগেই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা নিরাপদ বিশ্রামের সুযোগ থেকে বঞ্চিত।”

সওজের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান সুমেল জানিয়েছেন, “প্রকল্পের কাজ শেষ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান এটি এখনও আমাদের কাছে হস্তান্তর করেনি। মালামাল চুরির বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানকেই দেখতে হবে।”

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ জটিলতার কারণে এটি এখনও চালু হয়নি, তবে দুই–তিন মাসের মধ্যে চালুর আশা রয়েছে।

স্থানীয় সচেতন মহল জানিয়েছেন, দীর্ঘদিন টার্মিনাল চালু না হওয়ার বিষয়টি কর্তৃপক্ষের উদাসীনতার পরিচায়ক। তারা দ্রুত তদন্ত, দায় নির্ধারণ, নিরাপত্তা জোরদার এবং অবিলম্বে টার্মিনাল চালুর দাবি জানিয়েছেন। অন্যথায় এটি রাষ্ট্রীয় অর্থের অপচয়ের বড় উদাহরণ হয়ে থাকবে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.