নীলফামারীর সৈয়দপুরে মাদকবিরোধী অভিযানে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ খালেকুল (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (২৮ মার্চ) রাতে শহরের ওয়াবদা মোড়ে ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ‘প্রিয়ম’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় ডিএনসি’র নীলফামারী জেলা কার্যালয়ের সদস্যরা। এ সময় সন্দেহভাজন হিসেবে খালেকুলকে আটক করে তার কাছে থাকা একটি স্কুলব্যাগ তল্লাশি করা হলে সেখান থেকে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক খালেকুল ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ী নয়া দলুয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আসলাম বলে জানা গেছে।
এ বিষয়ে ডিএনসি’র উপপরিদর্শক সাকিব সরকার জানান, খালেকুল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে তা বিক্রির সঙ্গে জড়িত ছিল। সম্প্রতি একটি বড় চালান নিয়ে পঞ্চগড় যাওয়ার তথ্য পাওয়ার পরই অভিযান চালানো হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









