শরীয়তপুর সদর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবস্থিত জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় পালং মডেল থানায় উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির আহ্বায়ক মহসিন মাদবরসহ ২২ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ ঘটনায় রিয়াজুল ইসলাম (২১) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা শহরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে বিষয়টি দ্রুত আলোচনায় আসে এবং প্রশাসনের নজরে পড়ে।
শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, স্মৃতিস্তম্ভের আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় মহসিন মাদবরকে মূলহোতা হিসেবে চিহ্নিত করে তারসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইতোমধ্যে গ্রেপ্তার রিয়াজুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় যুবশক্তির নেতারা জানান, স্থানীয় প্রশাসনের উদ্যোগে নির্মিত স্মৃতিস্তম্ভটিতে রাতের আঁধারে আগুন দেওয়া হয়। আগুনের তাপে স্মৃতিস্তম্ভের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









