পটুয়াখালীর একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন উল্লেখ্য করে সংবাদ সম্মেলন করেছে দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মো. সালাহ্ উদ্দিন রিপন।
রবিবার (২৩ মার্চ) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সালাহ্ উদ্দিন রিপন বলেন, “শনিবার (২৮ মার্চ) স্থানীয় খবর পটুয়াখালী নামক একটি অনলাইন পোর্টালে ‘চাঁদাবাজির অভিযোগে আটককৃতদের ছাড়াতে দুমকি থানায় বহিষ্কৃত যুবদল নেতা রিপন’ শিরোনামে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।”
লিখিত বক্তব্যে তিনি জানান, সম্প্রতি জমিজমা সংক্রান্ত একটি বিরোধের জেরে দুমকি থানা পুলিশ শাহীন শরীফসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত শাহীন শরীফ তার ভাতিজা হওয়ায় তিনি খবর পেয়ে থানায় যান।
সেখানে অভিযোগকারী মনির মোল্লার সাথে তার সরাসরি কথা হয় এবং জানতে পারেন যে এটি মারামারি সংক্রান্ত একটি বিষয়।
সালাহ্ উদ্দিন রিপন দাবি করেন তিনি থানায় গিয়ে শুধুমাত্র তার ভাতিজার সাথে দেখা করেছেন। থানায় মামলা বা অভিযোগ দায়ের হওয়ার পর আসামিদের ছাড়িয়ে নেওয়ার কোনো তদবির তিনি করেননি। তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং সামাজিকভাবে মর্যাদা ক্ষুণ্ন করতে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে এই সংবাদ প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, “আমি ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এবং দলের জন্য জেল-জুলুম সহ্য করেছি। অথচ আমাকে জড়িয়ে চাঁদাবাজির মতো একটি মিথ্যা অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক। থানার অফিসার ইনচার্জ (ওসি) মহোদয় এ বিষয়ে সবচেয়ে বড় সাক্ষী যে, আমি কোনো তদবির করেছি কি না।”
সংবাদ সম্মেলনে তিনি সত্য ঘটনা অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত তথ্য তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









