সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বরিশাল এক্সপ্রেসের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০২:১৭ পিএম

আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০২:১৯ পিএম

বরিশাল এক্সপ্রেসের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ

ঝালকাঠির কাঁঠালিয়ায় ঢাকা-বরিশাল-কাঁঠালিয়া-আমুয়া রুটে চলাচলকারী পরিবহন “বরিশাল এক্সপ্রেস”-এর বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি এবং চলন্ত গাড়ি থেকে এক যাত্রীকে ফেলে আহত করার মতো সহিংস আচরণের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। 

পরিবহনটির বিরুদ্ধে ঈদের পর পূর্বের নির্ধারিত ভাড়া ৬০০-৭০০টাকার পরিবর্তে ১১০০-১৩০০ টাকা পর্যন্ত আদায় করার অভিযোগ ওঠে। এছাড়া টিকিট কেটে আসন নিশ্চিত করার পরও সিট না দেওয়া, অতিরিক্ত যাত্রী পরিবহন এবং যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনাও ঘটছে বলে জানা গেছে।

এদিকে, সম্প্রতি এক যাত্রীকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই যাত্রী গুরুতর আহত হন। 

ভুক্তভোগী মনিরুজ্জামান নামের ওই যাত্রী জানান, তিনি কাঁঠালিয়া উপজেলার আমুয়া থেকে বরিশাল এক্সপ্রেস কাউন্টার দিয়ে ১১০০ টাকায় ঢাকার গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে একটি টিকিট কাটেন। গত শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার গাড়িতে তালতলা বাজার থেকে ওঠার কথা ছিল তার। নির্ধারিত স্থানে গাড়ি পৌঁছালে তিনি থামার জন্য সিগন্যাল দেন। কিন্তু গাড়ি না থামায় বাধ্য হয়ে লাফ দিয়ে চলন্ত গাড়িতে ওঠেন।

তার অভিযোগ, এ সময় গাড়িতে থাকা সুপারভাইজার তার সঙ্গে খারাপ আচরণ করেন এবং একপর্যায়ে ধাক্কা দিয়ে তাকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেন। এতে তিনি গুরুতর আহত হন।

মনিরুজ্জামান আরও বলেন, অতিরিক্ত টাকা দিয়ে টিকিট কেটে সেবা পাওয়ার পরিবর্তে এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে আমুয়া কাউন্টার কর্তৃপক্ষের কাছে ফোন করা হলে তারা ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

বরিশাল এক্সপ্রেসের ম্যানেজার মো. সাইফুল ইসলাম মুঠোফোনে জানান, যে সুপার ভাইজার বা গাড়ির স্টাফ যাত্রির সাথে খারাপ আচরণ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকার নির্ধারিত ঈদের সময় ভাড়া সাড়ে ৮০০ থেকে ৯০০ টাকা এর বেশি নেয়া হলে সেটির দায়ভার স্থানীয় ঐ কাউন্টারের। 

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মকবুল হোসেন বলেন, সরকারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেয়ার কোন সুযোগ নেই। যদি কেউ নিয়ে থাকে নির্দিষ্ট অভিযোগ পেলে  ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হবে। 

স্থানীয় যাত্রী ও সচেতন মহল পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।
 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.