বিগত সরকারের আমলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে কৃষক ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, `বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমাদের বর্তমান সরকারের অঙ্গীকার হলো সেই পাচার হওয়া অর্থ আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনা এবং তা কৃষক ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যবহার করা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই সহায়তা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।'
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি, কিছু মানুষের গাফিলতির কারণে অনেক শিশু প্রাণ হারিয়েছে।’
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেল আনা যাচ্ছে না। সে জন্য অনেক বাড়তি দাম দিয়ে এখন তেল কিনতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নারী ও পুরুষদের সমানভাবে সহযোগিতা করবে সরকার।’
এর আগে গত ১০ মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রমের পরীক্ষামূলক (পাইলটিং) পর্যায়ের সূচনা করে বিএনপি সরকার। পরিবারের নারীপ্রধানরাই পাচ্ছেন এই কার্ড।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









