বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন আগামী জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
সোমবার (২০ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে চলাকালীন প্রেসবক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।
বিসিবি সভাপতি তামিম ইকবাল দিলেন জানিয়েছেন, জুনের প্রথম, সর্বোচ্চ দ্বিতীয় সপ্তাহে হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।
এদিকে তামিম আজ সাংবাদিকদের আন্তর্জাতিক ম্যাচের সময় বল বয়ের সংস্কৃতিও ফিরিয়ে আনার কথাও জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি জানি না কখন এটা বন্ধ হয়ে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ থেকে বল বয় থাকবে।’
এ সময় নিজের বল বয় থাকার সময়ের স্মৃতিও মনে করে বিসিবি সভাপতি বলেন, ‘আমার মনে আছে যখন এমসিসি আর ভারত ২০০৪ সালে বাংলাদেশে সফর করল, তখন আমি বল বয় ছিলাম। এটা খুব ভালো একটা ব্যাপার।’
আগামী ৭ জুলাই পূর্ণ হবে অ্যাডহক কমিটির তিন মাস মেয়াদ, এর আগেই নির্বাচন দিতে চান তামিম। গত বছরের অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছিল। তখন তামিমের নেতৃত্বে একটি পক্ষ পরিচালক পদে মনোনয়ন তুললেও পরে নির্বাচন থেকে সরে দাঁড়ায়। আমিনুলের নেতৃত্বে নির্বাচিত হন ২৫ পরিচালক।
এর আগে, গত ৭ এপ্রিল আমিনুল ইসলামের নেতৃত্বে বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেদিনই তামিম ইকবালকে সভাপতি করে গঠন করা হয় বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি। তিন মাসের মধ্যে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজনের দায়িত্ব তাদের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









