ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খনন করার সময় একটি তাজা মর্টারশেল উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে সেনাবাহিনীর একটি দল উদ্ধারকৃত মর্টারশেলটি পরিদর্শন করেছেন। তারা জানান, কুমিল্লা থেকে সেনাবাহিনীর আর্টিলারি শেল ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে মর্টারশেলটি নিষ্ক্রিয় করবে।
রবিবার (২৯ মার্চ) দুপুরে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ গ্রামে পুকুর খনন করার সময় তাজা মর্টারশেলটি উদ্ধার করে স্থানীয় মাটিকাটা শ্রমিকরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভাষা সৈনিক ও ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন আহমেদের গ্রামের বাড়িতে পুকুর খনন করার সময় এই মর্টারশেলটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটিকে রশির বেষ্টনি দিয়ে ঘিরে রাখে।
পুলিশের ধারনা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই মর্টারশেলটি এখানে পড়েছিলো।
বাড়ির বাসিন্দা এমদাদুল বারি জানান, প্রায় ৪০ বছর পর পুকুরটি কাটানো হয়। মুক্তিযুদ্ধের সময় আমাদের পরিত্যক্ত বাড়িতে পাকিস্তানীদের ক্যাম্প ছিলো। মুক্তিযোদ্ধাদের সাথে সম্মুখ যুদ্ধে এখানে অনেক পাকিস্তানী নিহত হয়েছিলো। আমরা ধারণা করছি মর্টারশেলটি তখন এখানে পড়েছিলো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









