নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে বড় ধরনের সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় পরিচালিত এ অভিযানে সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে দণ্ডাদেশ দেওয়া হয়। এ সময় মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা শত শত অবৈধ দোকানপাট ও স্থাপনা ভেকু ও বুলডোজার দিয়ে উচ্ছেদ করে গুঁড়িয়ে দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে মহাসড়কের ফুটপাত ও সড়ক দখল করে প্রায় পাঁচ হাজারের বেশি দোকান বসায় এলাকায় ভয়াবহ যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। হঠাৎ এই কঠোর অভিযানে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।
ইউএনও সাইফুল ইসলাম জয় বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক কোনোভাবেই দখল থাকতে দেওয়া হবে না। পুরো সড়ক দখলমুক্ত না হওয়া পর্যন্ত টানা ১৫ দিন বা প্রয়োজনে আরও দীর্ঘ সময় অভিযান চলবে।
তিনি আরো জানান, প্রতিদিন ২০ জন আনসার সদস্য ও ৩০ জন স্বেচ্ছাসেবী মাঠে থেকে সড়ক দখলমুক্ত রাখতে কাজ করবে। পুনরায় কেউ সড়কে বসে ব্যবসা করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প হিসেবে ভুলতা পুরাতন কাঁচাবাজারে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









