দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে বরিশাল সিটি করপোরেশনকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক নাগরিক সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তিনি দৃঢ়প্রতিজ্ঞ এবং এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার দুপুরে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক শিরীন বলেন, দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়ার ঘোষণা আমরা প্রথম দিনেই দিয়েছি। গতকাল কী হয়েছে, তা নিয়ে আমি ভাবতে চাই না। তবে আমি নিশ্চিত করতে চাই, আগামীকাল যেন গতকালের পুনরাবৃত্তি না হয়। আমরা এমন একটি প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে চাই, যেখানে অনিয়মের কোনো স্থান থাকবে না।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনে কঠোরতা ও নৈতিকতার কোনো বিকল্প নেই। আমরা যদি নিজেদের অবস্থান থেকে দৃঢ় থাকি এবং সঠিকভাবে দায়িত্ব পালন করি, তাহলে অন্যরাও সেই পথ অনুসরণ করবে। সিটি করপোরেশনের প্রতিটি স্তরে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
নগর উন্নয়ন প্রসঙ্গে প্রশাসক বলেন, একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। নাগরিক সেবা সহজীকরণ, অনলাইনভিত্তিক সেবা সম্প্রসারণ, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি জানান।
গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরে শিরীন বলেন, সাংবাদিকরা সবসময়ই আমাদের গঠনমূলক সমালোচনা ও গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। আমি বিশ্বাস করি, একটি উন্নত ও দুর্নীতিমুক্ত নগর গড়তে গণমাধ্যম আমাদের সহযাত্রী হিসেবে কাজ করবে। আপনারা অনিয়ম তুলে ধরবেন, আমরা তা সংশোধনের উদ্যোগ নেব।
তিনি আরও বলেন, একটি কার্যকর ও স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। এ ক্ষেত্রে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা হবে।
সভায় বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংবাদিকরা নগরীর বিভিন্ন সমস্যা, নাগরিক ভোগান্তি ও সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং সিটি করপোরেশনের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করার আহ্বান জানান।
পুরো অনুষ্ঠানটি ছিল উন্মুক্ত আলোচনা ও পারস্পরিক মতবিনিময়ের একটি প্রাণবন্ত আয়োজন, যেখানে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রশাসক শিরীন তার বক্তব্যের শেষাংশে নগরবাসীর প্রত্যাশা পূরণে আন্তরিকতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









