গোপালগঞ্জে সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে সরকারের নির্বাচনি অঙ্গীকার ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকালে গোপালগঞ্জ সড়ক বিভাগের কার্যালয় চত্বরে বৃক্ষের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম, সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হাসান এবং গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। পরে তারা পৃথকভাবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম জানান, সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে সড়ক ও জনপথ অধিদপ্তরকে নির্দিষ্ট লক্ষ্য দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, চলতি বছরে গোপালগঞ্জ সড়ক জোনের আওতায় প্রায় ১৫ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী মে-জুন মাসের মধ্যে এসব চারা রোপণের কাজ সম্পন্ন করা হবে। ইতোমধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে ১৫ থেকে ২০ প্রজাতির গাছের চারা সরবরাহ করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং সবুজায়ন বাড়লে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করা সম্ভব হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









