সিলেট নগরীতে প্রশাসনের হয়রানির প্রতিবাদে ডাকা পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ২টার দিকে পাম্প মালিকরা এ ঘোষণা দেন। এদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত আড়াইটার দিকে তিনি বলেন, প্রশাসনের আশ্বাসে আমরা ধর্মঘট তুলে নিয়েছি, জেলার সকল পাম্প থেকে গ্রাহকরা জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন।
এর আগে তিনি জানিয়েছিলেন, মোবাইল কোর্টের অভিযানের নামে পেট্রোল পাম্পে চাঁদাবাজি করা হচ্ছে। প্রতিদিনই এমন অভিযান চালানো হচ্ছে। এমনিতেই চাহিদামাফিক জ্বালানী তেল সরবরাহ পাওয়া যাচ্ছে না। তার উপর এমন ‘চাঁদাবাজি’ চলতে থাকলে ব্যবসা করা সম্ভব না। তাই আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।
একাধিক পাম্প মালিক জানান, পাম্পে অভিযান পরিচালনা, জরিমানা আদায় ছাড়াও জ্বালানী তেল বিক্রিতে প্রশাসনের বিভিন্ন বাধ্যবাধকতার কারণে পাম্প মালিকরা ক্ষুব্ধ। ট্যাগ অফিসার নিয়োগ, ডিপোতে বিজিবি মোতায়েনসহ সরকারি এসব সিদ্ধান্ত জ্বালানী ব্যবসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ তাদের।
এছাড়া প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধেও অসহযোগীতার অভিযোগ করেন তারা। তারও আগে বুধবার (১ এপ্রিল) দুপুরে সিলেটে সরকার নির্ধারিত পরিমাণের বেশী পেট্রোল মজুদ রাখার কারণে নগরীর এ অ্যান্ড এ অ্যাসোসিয়েটস নামের একটি পেট্রোল পাম্পকে ১০ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









