প্রায় ১৬ ঘণ্টা ভোগান্তির পর সিলেটে পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দুইটায় জেলা প্রশাসক কার্যালয়ে জরুরি এক বৈঠক শেষে এ ঘোষণা দেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী।
এর আগে, ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়ের প্রতিবাদসহ বিভিন্ন হয়রানির অভিযোগ এনে বুধবার রাত ১০টার দিকে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে ধর্মঘটের ডাক দেওয়া হয়।
এরপর রাত ২টার দিকে পেট্রেল পাম্প মালিক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াসাদ আদনান ধর্মটে স্থগিতের ঘোষণা দিলেও তা মানেননি অন্য পাম্প মালিকরা। ফলে গত রাত থেকে সিলেটের পাম্পগুলোতে তেল-গ্যাস বিক্রি বন্ধ ছিল।এতে দুর্ভোগে পড়েন গ্রাহকরা।
বৃহস্পতিবার সকাল থেকে সিলেটের প্রায় সবকটি পাম্পে গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়। ভোরে থেকে লাইনে দাড়িয়ে তেল ও গ্যাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি সংগ্রহ করতে পারেননি।
উদ্ভূত পরিস্থিতি সমাধানে দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জ্বালানি তেল ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের পুলিশ সুপার ড. যাবের সাদেক, মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ রজৈনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
বৈঠকে পেট্রোল পাম্প মালিক সংগঠনগুলোর শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









