কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজের ২৪ দিন পর আবির হাসান (১৭) নামের এক কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। নিহত আবির সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া উত্তরপাড়ার সিদ্দিক মিয়ার ছেলে।
শুক্রবার (৩ এপ্রিল) এ ঘটনায় আবিরের বাবা মো. সিদ্দিক মিয়া বাদী হয়ে মাহমুদুল, কেয়া আক্তারসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এরআগে, বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় সিংপুর ইউনিয়নের ডুবি গ্রামের হংডাইল হাওরে শাহাবুদ্দিনের ভুট্টাখেতে কঙ্কালটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া গ্রাম থেকে দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভাটিবরাটিয়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে মাহমুদুল হাসান রিয়ান (২০) এবং তার স্ত্রী কেয়া আক্তার (১৮)।
পুলিশ জানায়, গত ৯ মার্চ বিকেলে উপজেলার সিংপুর ইউনিয়ন থেকে নিখোঁজ হন আবির হাসান। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বাবা মো. সিদ্দিক মিয়া নিকলী থানায় ১৩ মার্চ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের দীর্ঘ সময় পর গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ ভাটিবরাটিয়া ও ডুবির মাঝে হংডাইল হাওরের একটি ভুট্টাখেত থেকে আবিরের হাড়গোড় ও মাথার খুলি উদ্ধার করে। মরদেহে কোনো মাংস অবশিষ্ট ছিল না, তবে পরনের কাপড় দেখে নিহতের বাবা পরিচয় শনাক্ত করেন।
মামলা ও থানা সূত্রে জানা গেছে, দুই বছর আগে টিকটকের মাধ্যমে মাহমুদুলের সঙ্গে রাজশাহীর বাগমারা উপজেলার আব্দুর রশিদের মেয়ে কেয়া আক্তারের পরিচয় হয়। চলতি বছরের ১৭ জানুয়ারি কেয়াকে নাটোর থেকে নিকলীতে নিয়ে আসেন মাহমুদুল এবং ১৯ জানুয়ারি তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে বন্ধু আবির প্রায়ই মাহমুদুলের বাড়িতে আসা-যাওয়া করতেন। মাহমুদুলের স্ত্রীর সঙ্গে আবিরের সখ্য নিয়ে এলাকায় গুঞ্জন তৈরি হয়।
গত ৮ মার্চ রাতে আবির মাহমুদুলদের বাড়িতে গিয়ে কেয়ার সঙ্গে একটি ছবি তুলে মাহমুদুলের মোবাইলে পাঠায়। পরদিন ৯ মার্চ ভোরে মাহমুদুল চট্টগ্রাম থেকে বাড়িতে ফিরে আসেন। ওই দিন বিকেল থেকেই আবির নিখোঁজ হন এবং তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









