সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বীরগঞ্জে সিজারের সময় প্রসূতির মৃত্যু: ক্লিনিকে হামলা, ভাঙচুর, সিলগালা

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১০:০৮ এএম

আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ১০:০৮ এএম

বীরগঞ্জে সিজারের সময় প্রসূতির মৃত্যু: ক্লিনিকে হামলা, ভাঙচুর, সিলগালা

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের সময় এক প্রসূতি মায়ের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ক্লিনিকে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। পরবর্তীতে প্রশাসন ক্লিনিকটি সিলগালা করে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার একটি বেসরকারি প্রতিষ্ঠান বীরগঞ্জ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এ ভর্তি করা হয় প্রসূতি সমেজা খাতুন (২৮) কে। তিনি কাহারোল উপজেলার সরঞ্জা এলাকার বাসিন্দা ও আব্দুর রাজ্জাকের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার আগেই তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয় এবং একটি কন্যা সন্তানের জন্ম হয়। তবে অপারেশনের সময়ই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। অভিযোগ রয়েছে, পরিস্থিতি গুরুতর হয়ে উঠলেও যথাযথ জরুরি চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়নি এবং পরে তাকে দ্রুত অন্যত্র পাঠিয়ে দায় এড়ানোর চেষ্টা করা হয়।

নিহতের স্বজনদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মো. বকুল হোসেন এবং অ্যানেসথেশিয়া প্রদানকারী শরিফুল ইসলাম সময়োপযোগী ও সঠিক চিকিৎসা দিতে ব্যর্থ হন। অতিরিক্ত রক্তক্ষরণসহ বিভিন্ন জটিলতা দেখা দিলেও তা যথাযথভাবে মোকাবিলা করা হয়নি, যা শেষ পর্যন্ত মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় বলে দাবি তাদের।

পরিবার সূত্রে আরও জানা যায়, অবস্থার অবনতি হলে প্রসূতিকে জিয়া হার্ট ফাউন্ডেশন এ নেওয়া হচ্ছিল। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ক্লিনিকের মালিক বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্টাফরা ক্লিনিক বন্ধ করে আত্মগোপনে চলে যান বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে ক্লিনিকে ভর্তি অন্যান্য রোগীদেরও নীরবে সরিয়ে নেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর ক্লিনিকের সামনে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়। রাত সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় ভাঙচুর, হট্টগোল, সড়ক অবরোধ এবং আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন জানান, পরিস্থিতি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের সহযোগিতায় নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ক্লিনিকটি সিলগালা করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার বলেন, সিজার অপারেশনের সময় রোগীর অবস্থার অবনতি হয়ে মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা ক্লিনিক ঘেরাও করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.