দীর্ঘদিনের নৌ-যান ও ফেরি সংকট কাটাতে উদ্যোগ নিয়েছে সরকার। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ করতে ঈদুল আজহার আগেই নতুন একটি ফেরি চালুর পরিকল্পনার কথা জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
শনিবার (৪ এপ্রিল) সকালে হাতিয়ার নলচিরা চৌঘাট এলাকা সরেজমিনে পরিদর্শনকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এ তথ্য জানান।
তিনি বলেন, দ্বীপাঞ্চলের মানুষের ভোগান্তি কমাতে সরকার বাস্তব পরিস্থিতি বিবেচনায় দ্রুত পদক্ষেপ নিচ্ছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, “হাতিয়াসহ উপকূলীয় এলাকার মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। সে লক্ষ্যেই সরেজমিনে এসে সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তিনি জানান, হাতিয়ার উভয় পাশের ফেরিঘাট আরও প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নদীর নাব্যতা বজায় রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম জোরদার করা হচ্ছে। ফেরি চলাচল আরও নিরাপদ ও টেকসই করতে ঘাটের র্যাম্প উন্নয়ন এবং নদী তীর সংরক্ষণে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে হাতিয়ার নৌযোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করতে আরও বিভিন্ন উন্নয়ন উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত এসব উদ্যোগ বাস্তবায়ন হলে হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









