নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রধান দুটি সমস্যা যানজট ও হকার। প্রতিদিন এ সমস্যায় ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। এর সঙ্গে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এসব সমস্যা সমাধানে ১৪ দফা দাবি তুলে ধরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর শাখা।
শনিবার (৪ এপ্রিল) মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নগর ভবনে গিয়ে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কাছে এ স্মারকলিপি প্রদান করে।
এ সময় প্রশাসক সাখাওয়াত হোসেন খান স্মারকলিপিতে উত্থাপিত দাবিসহ নগরবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলোর সমাধানে আশ্বাস দেন।
সিটি কর্পোরেশন দলীয় প্রভাবমুক্তভাবে পরিচালনার বিষয়ে তিনি বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকেই দলীয় নেতাকর্মীদের অপ্রয়োজনীয়ভাবে নগর ভবনে না আসার নির্দেশ দেওয়া হয়েছে। আমি চেষ্টা করছি প্রভাবমুক্ত থেকে কাজ করতে। আমার কাছে সবাই সমান। কোনো দল দেখি না, কাউকে অবৈধ সুবিধাও দেওয়া হবে না।”
একইসঙ্গে শহরকে বাসযোগ্য করে তুলতে সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন তিনি। নাগরিক সেবা প্রাপ্তিতে যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন প্রশাসক। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথাও উল্লেখ করেন তিনি।
এনসিপি নেতা শওকত আলী বলেন, নাগরিক সংকট নিরসন, সুশাসন প্রতিষ্ঠা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসককে লিখিতভাবে জানানো হয়েছে। স্মারকলিপিতে জলাবদ্ধতা, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা, যানজট ও হকার সমস্যাসহ ১৪টি দাবি তুলে ধরা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে-
১. ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে মশক নিধন জোরদার, জমে থাকা পানি অপসারণ ও সচেতনতা বৃদ্ধি;
২.আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু, পরিচ্ছন্নতাকর্মী বৃদ্ধি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ;
৩. সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন;
৪. টেকসই ড্রেনেজ মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন;
৫. টিসিবি কার্ড বিতরণে স্বচ্ছতা;
৬. সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও রাতের নিরাপত্তা টহল জোরদার;
৭. নাগরিক সেবা সহজীকরণে অনলাইন ওয়ান-স্টপ সেবা চালু;
৮. ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত উচ্ছেদ অভিযান;
৯. অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন;
১০. কাঁচাবাজার পুনর্বিন্যাস ও দোকান বরাদ্দে নিয়মনীতি অনুসরণ;
১১. কর ব্যবস্থায় স্বচ্ছতা;
১২. অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ ও ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা;
১৩. উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়ন এবং
১৪. প্রতিটি ওয়ার্ডে সেবা সমন্বয় কমিটি গঠন।
তিনি আরো বলেন, দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ না নিলে নাগরিক অধিকার আদায়ে গণতান্ত্রিক ও আইনানুগ কর্মসূচি গ্রহণ করা হবে। এ সময় দ্রুত সিটি নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









