সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার টগার হাওরে বোরো ফসল রক্ষা বাঁধ নিয়ে দুই গ্রামের কৃষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকালে রাজাপুর গ্রামের সামনে নির্মিত একটি মাটির বাঁধের অংশ কেটে পানি নিষ্কাশনের সময় বালিজুড়ী ও রাজাপুর গ্রামের লোকজনের মধ্যে ঢিল ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টগার হাওরের প্রায় ২ হাজার ৩২৪ হেক্টর বোরো জমি রক্ষায় দুই মাস আগে বালিজুড়ী গ্রামের কৃষকেরা বালিজুড়ী ও রাজাপুর গ্রামের সামনে মোট ৩৫০ ফুট মাটির বাঁধ নির্মাণ করেন। সাম্প্রতিক অতিবৃষ্টিতে টগারসহ আশপাশের হাওরে জলাবদ্ধতা দেখা দিলে পানি নিষ্কাশনের দাবিতে বাঁধ কাটাকে কেন্দ্র করে বিরোধ শুরু হয়।
রাজাপুর, লক্ষণখলা, বীর উত্তর, বীর দক্ষিণ, মাইজবাড়ি, মাটিকাটা ও বৌলাম গ্রামের কৃষকদের অভিযোগ, বাঁধের কারণে আশপাশের হাওরের পানি বের হতে না পারায় ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অপরদিকে বালিজুড়ী গ্রামের কৃষকেরা বলেন, বাঁধ কেটে দিলে টগার হাওরের ফসল মারাত্মক ঝুঁকিতে পড়বে।
খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় জানান, সমস্যা সমাধানে কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশের উপস্থিতিতে শনিবার রাতে জরুরি সভা আহ্বান করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









