সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় তিনটি গাঁজা গাছসহ অন্তর মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ। শনিবার গভীর রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত অন্তর মিয়া ধর্মপাশা গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপাশা থানা পুলিশের একটি দল গভীর রাতে অভিযান চালায়। এ সময় অন্তর মিয়ার বসতবাড়ির আশপাশ থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, ধর্মপাশা উপজেলায় মাদক নির্মূল করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত অন্তর মিয়াকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









