সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে আধাঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অবস্থায় আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, খবর পেয়ে ১২টা ৫ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং আধাঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের সংবাদও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এরাইভাল ইমিগ্রেশনের (কাস্টমসের উপরের তলা) সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিক আহমদ রাত সাড়ে ১২ টায় এদিনকে জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো ধোঁয়া রয়েছে। তিনি বলেন, বিমানবন্দরের সব ফ্লাইট শেষ হওয়ার পরই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফলে এতে ফ্লাইটে কোন ব্যাঘাত হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









