যশোরের শার্শা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহরিয়ার মাহমুদ রুঞ্জুর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের সন্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শার্শা উপজেলা নির্বাহী অফিসারের হাতে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক এ্যাড. মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুল কাশেম, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধিরা।
স্মারকলিপিতে শার্শা উপজেলায় কর্মরত পিআইও শাহরিয়ার রঞ্জুর বিরুদ্ধে দীর্ঘদীন ধরে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, ভুয়া ভাউচারে স্বাক্ষর নিয়ে অর্থ উত্তোলনসহ আত্মসাৎ-এর অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত প্রকল্প কর্মকর্তা রঞ্জুর মুঠো ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন ও অভিযুক্ত পিআইও রঞ্জুর একটি ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ফোনালাপ ঘিড়ে নানা আলোচনা-সমালোচনা চলছে সর্বমহলে।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ স্মারকলিপি গ্রহণের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান, এটি জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও দূর্নীতি দমন কমিশন চেয়ারম্যান বরাবর পৌঁছে দেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









