বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন ঘিরে শেষ মুহূর্তে ভোট প্রদানের অপেক্ষায় রয়েছেন বগুড়াবাসী। নির্বাচনী প্রচারণার শেষ দিনে বিভিন্ন প্রার্থীর পক্ষে জোরালো প্রচারণা চালাছে। ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়ার দেখা মিলনে।
বিএনপির মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা নির্বাচনী সভা-সমাবেশে বলেন, বগুড়ার উন্নয়নের লক্ষ্যেই দলের চেয়ারম্যান তারেক রহমান তাকে মনোনয়ন দিয়েছেন। তিনি দাবি করেন, বগুড়ার উন্নয়ন, জনগণের দুর্দশা ও সার্বিক পরিস্থিতি জাতীয় পর্যায়ে তুলে ধরার জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচিত হলে বগুড়াকে উন্নয়নের ধারায় এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
অপরদিকে, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি বলেন, ক্ষমতাসীন দলের প্রতিনিধিদের নির্বাচিত করলে বগুড়ার উন্নয়ন ব্যাহত হবে এবং বড় বড় প্রকল্পের নামে দুর্নীতির আশঙ্কা থাকবে। তাই জনগণকে উন্নয়নের স্বার্থে জামায়াতকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন, আবার কেউ জামায়াতের অতীত রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে কিছু ভোটার বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে বগুড়ার উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
জামায়াত প্রার্থীর পক্ষে দলটির কেন্দ্রীয় নেতারাও প্রচারণায় অংশ নেন। শহরের শহীদ খোকন পার্কে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং আইনজীবী শিশির মনিরসহ অন্যান্য নেতারা।
আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি)।
এ আসনে মোট ভোটার চার লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে নারী ভোটার দুই লাখ ৩১ হাজার ২৩৪, পুরুষ ভোটার দুই লাখ ২২ হাজার ৭৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। মোট ১৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









