বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সুবিধাবঞ্চিত এলাকায় গিয়ে মানুষের দুর্ভোগ দেখলেন সিসিক প্রশাসক

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ এএম

আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ এএম

সুবিধাবঞ্চিত এলাকায় গিয়ে মানুষের দুর্ভোগ দেখলেন সিসিক প্রশাসক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের সুবিধাবঞ্চিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত তিনি ৩৯ নম্বর ওয়ার্ডের মইয়ারচর, তালুকদারপাড়া এবং দক্ষিণ সুরমার চান্দাই, গালিমপুর ও মোমিনখলা এলাকায় সরেজমিনে যান। এ সময় সড়ক ও ড্রেনেজ সংকটের কারণে এলাকাবাসীর দুর্ভোগ প্রত্যক্ষ করেন তিনি।

দুপুরে প্রশাসক মইয়ারচর ও তালুকদারপাড়া এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা পরিদর্শন করেন এবং মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত অনেক এলাকা এখনও উন্নয়নবঞ্চিত। তবে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি—কিছু ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মাণ করা হয়েছে, সড়কবাতিও স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে সব বর্ধিত ওয়ার্ডে নগরের সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হবে।

তিনি এ এলাকার ড্রেনেজ সমস্যা সমাধান, সড়ক নির্মাণ এবং মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দেন।

নগর উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য কর যথাসময়ে পরিশোধ করলে সিটি কর্পোরেশনের পক্ষে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব হবে। সম্মিলিত প্রচেষ্টায়ই একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব।

সিলেটের উন্নয়নে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার পর সিলেটকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। জনগণ যেমন ভোটের মাধ্যমে সরকারকে নির্বাচিত করেছেন, তেমনি সিটি কর্পোরেশনের কার্যক্রমেও সহযোগিতা করলে একটি আধুনিক নগর গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মো. শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম এবং ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন।

এরপর প্রশাসক দক্ষিণ সুরমার চান্দাইয়ের গালিমপুর এলাকা এবং শাহ চান্দে আলী শাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরে তিনি ২৫ নম্বর ওয়ার্ডের মোমিনখলা এলাকায় যান এবং সড়ক ও ড্রেনের অভাবে এলাকাবাসী ও ব্যবসায়ীদের দুর্ভোগ প্রত্যক্ষ করেন।

এ সময় সিসিকের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ সহ সংশ্লিষ্ট এলাকাবাসী উপস্থিত ছিলেন।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.