জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে কিশোরগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য জোট।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাদ আসর শহরের নগুয়া শেষ মোড় মসজিদের সামনে থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে বাসস্ট্যান্ডসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত সংবিধান সংস্কার প্রক্রিয়া শুরু করা প্রয়োজন। তারা অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে বর্তমান সরকার সংবিধান সংস্কারের প্রশ্নে গড়িমসি করছে। এর ফলে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ছে এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে।
বক্তারা আরও বলেন, একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও গণমুখী রাষ্ট্র গঠনে মৌলিক কাঠামোগত সংস্কার অপরিহার্য। এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণকে সম্পৃক্ত করতেই এই লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানান।
জামায়াত নেতৃত্বাধীন এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী। এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, অধ্যাপক কাজী মো. সাইফুল্লাহ, রাজনৈতিক বিভাগের সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল এবং এনসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









