সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত পাঁচ দিনে তিন শিশুর মৃত্যু হয়েছে, যাদের সবার বয়স এক বছরের কম।
সর্বশেষ শুক্রবার (১০ এপ্রিল) ফেঞ্চুগঞ্জ উপজেলার ৭ মাস বয়সী শিশু বিশ্বজিতের মৃত্যু হয়। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
শনিবার (১১ এপ্রিল) সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে, ৮ এপ্রিল রাতে আরিশা নামে এক শিশু এবং ৬ এপ্রিল দুই মাস বয়সী আরেক শিশু একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪১ জনের শরীরে হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। জেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো—হবিগঞ্জে ৭ জন, মৌলভীবাজারে ১৩ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে নতুন করে ১৯ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে— সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন, শান্তিগঞ্জ উপজেলা হাসপাতালে ১ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১ জন ভর্তি রয়েছেন।
বর্তমানে এ বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৫৩ জন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়াও এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জনসহ অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালে হাম সন্দেহভাজন রোগীর চিকিৎসা চলছে।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, শিশুদের মধ্যে হামের ঝুঁকি বেশি হওয়ায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা, বিশেষ করে টিকাদান কার্যক্রম জোরদার করা জরুরি। একই সঙ্গে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









