বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বরিশালে ১১ দলীয় জোটের বিক্ষোভ

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১০:১৫ এএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ১০:১৫ এএম

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বরিশালে ১১ দলীয় জোটের বিক্ষোভ

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টায় নগরীর টাউনহল চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, “সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে সরকার গণভোটের রায় অস্বীকার করতে পারে না। জাতীয় নির্বাচনে প্রাপ্ত আসনের হিসাব দেখিয়ে জনগণের সরাসরি রায়কে উপেক্ষা করা হলে তা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী হবে।”

তিনি দাবি করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, যা দেশের মানুষের স্পষ্ট মতামতের প্রতিফলন। “এই রায় কোনো দয়া-দাক্ষিণ্য নয়, এটি জনগণের অধিকার ও প্রত্যাশার প্রতিফলন,”—যোগ করেন তিনি।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে অ্যাডভোকেট হেলাল বলেন, “শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, বরং রাষ্ট্রব্যবস্থার মৌলিক সংস্কারের লক্ষ্যেই মানুষ আত্মত্যাগ করেছে। সেই প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে ‘জুলাই সনদ’ প্রণীত হয় এবং পরবর্তীতে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফল নিজেদের অনুকূলে এলে তা মেনে নেওয়া হবে, আর গণভোটের ফল উপেক্ষা করা হবে—এ ধরনের দ্বৈত মানদণ্ড গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “দেশে আর কোনো সংঘাত বা রক্তক্ষয় দেখতে চায় না জনগণ। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করা হবে।”

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আবদুল জব্বার, লেবার পার্টি মহানগর সভাপতি এসএম সোহেল মাহমুদ, এবি পার্টির মহানগর সমন্বয়ক জিএম রাব্বি, এনসিপি বরিশাল জেলা আহ্বায়ক আবু সাঈদ মুসা এবং এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য রফিকুল ইসলাম কনক। তারা প্রত্যেকেই গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে মত দেন এবং সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল এবং সঞ্চালনা করেন মহানগর মজলিসে শুরার সদস্য আনোয়ার হোসাইন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি টাউনহল থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘটে।

আদনান/বরিশাল/কাওছার আল হাবীব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.