ময়মনসিংহের ভালুকায় বাবা-ছেলের দীর্ঘদিনের বিরোধের জেরে গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের নারিশের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলে অন্তত দুই রাউন্ড গুলির শব্দ শোনা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, খোকা মিয়া ও তার ছেলে তোফায়েল আহমেদ রানার মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে রানা তার অফিসে অবস্থান করছিলেন। এ সময় খোকা মিয়া সেখানে গিয়ে অফিস বন্ধ করতে বললে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গুলির ঘটনা ঘটে।
এ ঘটনায় খোকা মিয়া (৫০), তার সহযোগী খোকন (৪৫) এবং রানার পক্ষের বখতিয়ার আহমেদ নাহিন (২৪) আহত হন।
আহতদের মধ্যে দুজনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনারা জানান, আহতদের শরীরে সরাসরি গুলির চিহ্ন পাওয়া যায়নি। তবে তারা গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত হতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
ঘটনার পর ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, পারিবারিক বিরোধ ও মতপার্থক্যের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









