এসএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে সারাদেশে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এবারের পরীক্ষায় কোনো ধরনের নকল বা অনিয়ম বরদাশত করা হবে না। নকলের সঙ্গে শিক্ষক, কর্মকর্তা বা সংশ্লিষ্ট যে-ই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সরকারের এই ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে যশোর পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত যশোর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীন কেন্দ্রগুলোর সচিবরাও অংশ নেন। আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, যশোর।
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে বলেন, 'এসএসসি পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয় এটাই আমাদের শিক্ষা ব্যবস্থার নতুন যাত্রার সূচনা। তাই এই পরীক্ষাকে ঘিরে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই। নকলমুক্ত, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।'
তিনি আরো বলেন, যদি কোনো শিক্ষক বা কর্মকর্তা নকলের সঙ্গে জড়িত থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি অতীতের সমালোচনা করে বলেন, গত ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থায় যে ক্ষতি হয়েছে, তা ভুলে যেতে হবে। এখন সময় গড়ার, সময় নতুনভাবে দাঁড়ানোর। একটি মানসম্মত, বিশ্বাসযোগ্য শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ লক্ষ্যে মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন তিনি।
সভায় স্বাগত বক্তব্য দেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম। তিনি কেন্দ্র সচিবদের উদ্দেশে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং নকল প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্ব। তাদের মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, মতিউর রহমান, ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, গাজী এনামুল হক, মোক্তার আলী, আতাউর রহমান বাচ্চু, আব্দুল আলিম ও জি এম নজরুল ইসলামসহ অন্যান্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক দেলোয়ার হোসেন এবং শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সভায় বক্তারা নকলমুক্ত পরীক্ষা আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি দেশের সামগ্রিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা কেন্দ্র সচিবদের কঠোর মনিটরিং, প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে শিক্ষামন্ত্রী যশোর শিক্ষা বোর্ড পরিদর্শন করেন। সেখানে তিনি বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এসএসসি পরীক্ষার প্রস্তুতি, কেন্দ্র ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি মাঠপর্যায়ে তদারকি আরো জোরদার করার নির্দেশ দেন এবং কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলে সতর্ক করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









