নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা নারায়ণগঞ্জের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে নাগরিকদের সম্পৃক্ত করতে চাই। আমরা নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে চাই। যাতে চকচকে ঝকঝকে পরিষ্কার নগরীতে নারায়ণগঞ্জ পরিণত হয়।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে শহরের চাষাঢ়া শহীদ জিয়া হলের সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরুর পূর্বে সমাবেশে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা সকল নাগরিকের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চাই। আমরা এই সিটি করপোরেশনের নাগরিকদের সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই। এজন্য আমরা নানামুখী কার্যক্রম হাতে নিয়েছি।
তিনি আরও বলেন, আমরা নষ্ট সড়কগুলো নির্মাণ করছি। পাশাপাশি সিটি করপোরেশনের ৩২টি খাল আমরা খনন করছি। ডেঙ্গুতে যেন মানুষ আক্রান্ত না হয় সেজন্য আমরা কাজ করবো। আমরা ড্রেনগুলো ঠিক করছি। পাশাপাশি মানুষ যেন সুপেয় পানি পায় সেই ব্যবস্থা করবো।
এর আগে নারায়ণগঞ্জ মাসদাইর বাজারের সামনে সড়কের উন্নয়ণ কাজের উদ্বোধন করেন নারায়নগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম।
এদিকে, নারায়ণগঞ্জ শহরে ঘোষিত উচ্ছেদ অভিযানের আগেই ফুটপাত ছেড়ে সরে গেছেন হকাররা। সকাল থেকেই নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, কালিরবাজার ও আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ঘুরে এ দৃশ্য দেখা গেছে। চাষাঢ়া এলাকা এবং বঙ্গবন্ধু সড়ক ঘুরে দেখা যায়, ফুটপাতে নেই আগের সেই ভিড়। অস্থায়ী দোকান, টং বা ভাসমান স্টল সব আগের রাতের মধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে। ফলে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।
জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে হকার উচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকেই হকারদের মধ্যে এক ধরনের চাপা উদ্বেগ তৈরি হয়। অভিযানের মুখোমুখি না হয়ে অনেকেই স্বেচ্ছায় তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছেন। স্থানীয় কয়েকজন পথচারী জানান, দীর্ঘদিন পর ফুটপাত দিয়ে স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন তারা। উত্তর চাষাঢ়া এলাকার বাসিন্দা শিহাব বলেন, প্রতিদিন এখানে হাঁটা দায় হয়ে যেত। আজকে এসে দেখলাম পুরো জায়গা খালি। এটা সত্যিই স্বস্তির।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান জানিয়েছেন, আজ থেকে শহরের বঙ্গবন্ধু সড়কে কোন হকার বসতে পারবে না। তবে হকারদের জন্য বিকল্প পুনর্বাসনের ব্যাবস্থা নেয়া হবে। এক্ষেত্রে নারায়ণগঞ্জের ভোটারদের অগ্রাধিকার দেয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









