মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

আজ ‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১১:২৩ এএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ১১:২৩ এএম

আজ ‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কৃষকদের ভাগ্যবদলে নতুন দিগন্ত উন্মোচনে মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের মূল আকর্ষণ হিসেবে তিনি দেশব্যাপী প্রি-পাইলটিং ভিত্তিতে ‘কৃষক কার্ড’ বিতরণ ও কৃষি সহায়তা কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলাজুড়ে এখন উৎসবের আমেজ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টায় প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন থেকে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হবেন। সকাল ১০টায় তিনি টাঙ্গাইলে পৌঁছে প্রথমেই মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। 

এরপর সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল শহিদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক বিশাল কৃষক সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেখানেই দেশব্যাপী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। অনুষ্ঠানের এক পর্যায়ে ১৫ জন কৃষকের হাতে নিজ হাতে কার্ড ও গাছের চারা তুলে দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর সোয়া ১২টায় তিনি পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলার ১ হাজার ৪৫৩ জন কৃষক এই কার্ডের আওতায় আসছেন। এই কার্ডের মাধ্যমে কৃষকরা বছরে আড়াই হাজার টাকা সরাসরি আর্থিক সহায়তাসহ ভর্তুকি, ঋণ, বীজ ও সারসহ মোট ১০ ধরনের বিশেষ সুবিধা পাবেন। মূলত এটি একটি ‘ভিসা কার্ড’, যার মাধ্যমে কৃষকরা প্রয়োজনীয় উপকরণ কেনার পাশাপাশি ব্যক্তিগত লেনদেনও করতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষকদের কাছে সরাসরি সরকারি সহায়তা পৌঁছানো নিশ্চিত হবে।

ঘারিন্দা ইউনিয়নের কৃষক হারুন অর রশিদ ও কৃষানি আমেনা বেগম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমরা কখনো কল্পনাও করিনি যে সরকার সরাসরি আমাদের হাতে এমন কার্ড দেবে। এখন আমরা সরাসরি সার-বীজ পাব, এতে আমাদের মত দরিদ্র কৃষকদের অনেক উপকার হবে। 

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টাঙ্গাইল শহরকে সাজানো হয়েছে নতুন সাঁজে। শহিদ মারুফ স্টেডিয়ামে বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে, সংস্কার করা হয়েছে শহরের প্রধান সড়কগুলো। বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ কৃষকদের মাঝে বইছে আনন্দের জোয়ার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ জানান, কৃষক কার্ডের মাধ্যমে কৃষি ঋণ ও বিমাসহ সকল সরকারি সুবিধা পাওয়া সহজতর হবে।

 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.