সাংগ্রাই পোয়ে উপলক্ষে বান্দরবানের লামা উপজেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী এই ঐতিহ্যবাহী আয়োজন, যা রাখাইন পঞ্জিকা অনুযায়ী পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করার উৎসব।
উৎসবের প্রধান আকর্ষণ মৈত্রী পানি বর্ষণ বা জলকেলি, যেখানে শিশু থেকে বৃদ্ধ সবাই একে অপরের গায়ে পানি ছিটিয়ে আনন্দ ভাগাভাগি করেন। বিশ্বাস করা হয়, এই পানির মাধ্যমে পুরনো বছরের দুঃখ-কষ্ট ধুয়ে গিয়ে নতুন বছরে আসে সুখ ও সমৃদ্ধি।
উৎসবকে ঘিরে লামা বাজার, রাখাইন গলি ও আশপাশের বিপণিবিতানগুলোতে জমে উঠেছে কেনাকাটা। দূর-দূরান্ত থেকে আগত মারমা ও রাখাইন সম্প্রদায়ের মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
ধর্মীয় ও সামাজিক নানা আয়োজনের মধ্যে রয়েছে সমবেত প্রার্থনা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, বুদ্ধ মূর্তি স্নান, প্রদীপ প্রজ্বলন, বয়স্ক পূজা এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামী ১৮ এপ্রিল কেন্দ্রীয় বৌদ্ধ বিহার প্রাঙ্গণে বড় পরিসরে মৈত্রী পানি খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন পাড়া ও ইউনিয়নে নির্ধারিত সময়সূচি অনুযায়ী জলকেলি আয়োজন করা হয়েছে। একইসঙ্গে সাবেক বিলছড়ি মহামুণি বৌদ্ধ বিহারে তিন দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজনও থাকছে।
উৎসবকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা, যাতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সাংগ্রাই উদযাপন করা যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









