রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন বাঘাইছড়ির আয়োজনে এ শোভাযাত্রা বের করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
এ সময় অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতীক নানা রঙের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। কারো হাতে ছিল মুখোশ, আবার কেউ সাজেন গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন চরিত্রে, যা শোভাযাত্রায় ভিন্নমাত্রা যোগ করে।
শোভাযাত্রার পাশাপাশি আয়োজন করা হয় সঙ্গীত ও নৃত্য পরিবেশনা। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে বাঙালির ঐতিহ্যবাহী গান, লোকসংগীত ও নৃত্য পরিবেশিত হয়, যা উৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পণ্যের স্টল বসানো হয়। স্টলগুলোতে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য, হস্তশিল্প, খাবার সামগ্রী ও বৈশাখী সাজসজ্জার উপকরণ প্রদর্শন ও বিক্রয় করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা সকলেই বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন এবং নতুন বছরের শুভকামনা জানান।
আয়োজকরা জানান, বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে নতুন বছরকে বরণ করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। এতে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
অনুষ্ঠানে অতিথিগণ বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে। তিনি বলেন, পহেলা বৈশাখ কেবল একটি নতুন বছরের সূচনা নয়, এটি আমাদের আত্মপরিচয় ও ঐক্যের প্রতীক।
বক্তারা আরো বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করে এবং সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ ও সমাজের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।
শেষে নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানিয়ে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









